দলের আমির শফিকুর রহমানের নির্বাচনী আসন ঢাকা-১৫ তে জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করতে যাচ্ছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় মিরপুর-১০ এর আদর্শ স্কুল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে।
বুধবার রাতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সহকারি সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, আমিরের আসনে বৃহস্পতিবার দিনব্যাপী সিনিয়র নেতারা গণসংযোগ করবেন। পরে দুপুরে জনসভা হবে।
আগামী শুক্র ও শনিবার জামায়াত আমির উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে যাবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
শুক্রবার পঞ্চগড়ে জনসভার মাধ্যমে আমিরের নির্বাচনী প্রচার শুরু হবে। ওইদিন পঞ্চগড় ছাড়াও দিনাজপুর, ঠাকুরগাঁও এবং রংপুরে নির্বাচনী পথসভা ও জনসভায় অংশগ্রহণ করবেন দলের আমির।
এরপর শনিবার সকালে জুলাই গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন শফিকুর রহমান।
সেখান থেকে গাইবান্ধার পলাশবাড়িতে জনসভায় অংশ নেবেন। পরে সিরাজগঞ্জ, উল্লাপাড়া ও পাবনাতে সন্ধ্যায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
রোববার ঢাকা- ৫, ৬ ও ৭ নির্বাচনী আসনে আয়োজিত জনসভায় উপস্থিত থাকবেন শফিকুর রহমান।


