আফরান নিশোকে নিয়ে তিন নতুন সিনেমা, আসছে বড় চমক

আফরান নিশোকে নিয়ে তিন নতুন সিনেমা, আসছে বড় চমক
অভিনেতা আফরান নিশো
Advertisement
Advertisement

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো বড়পর্দায় পা রাখার পর অল্প সময়েই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ২০২৩ সালে ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর দর্শকদের উপহার দিয়েছেন ‘দাগি’ ও ‘দম’। তিনটি সিনেমারই পরিচালক আলাদা হলেও প্রযোজনার সঙ্গে ছিল আলফা আই এবং এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট।

এবার নিশোকে ঘিরে আরও বড় পরিকল্পনার কথা জানাল প্রতিষ্ঠানটি। সম্প্রতি এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, আফরান নিশোকে নিয়ে নতুন তিনটি সিনেমার কাজ চূড়ান্ত হয়েছে। পাশাপাশি আরও একটি প্রকল্প নিয়েও আলোচনা চলছে।

এখন পর্যন্ত বড়পর্দায় নিশোকে মূলত সংগ্রামী, বঞ্চিত কিংবা প্রতারিত মানুষের চরিত্রে দেখা গেছে। তবে আসন্ন সিনেমাগুলোতে তাকে একেবারে ভিন্ন আঙ্গিকে হাজির করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রযোজক। তার মতে, দর্শক দীর্ঘদিন ধরে নিশোকে আরও শক্তিশালী, নায়কোচিত এবং বৃহৎ পরিসরের চরিত্রে দেখতে চেয়েছেন। নতুন প্রকল্পগুলোতে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটবে।

যদিও নতুন সিনেমাগুলোর নাম বা নির্মাতাদের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন রয়েছে, নির্মাতা ভিকি জাহেদের আলোচিত ‘পুলসিরাত’ প্রকল্পে দেখা যেতে পারে আফরান নিশোকে। সেখানে তার বিপরীতে অভিনয় করতে পারেন মেহজাবীন চৌধুরী। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

আরও পড়ুন

অন্যদিকে এসভিএফ-আলফা আইয়ের সঙ্গে নির্মাতা রায়হান রাফী ও জাহিদ প্রীতমের একাধিক নতুন প্রকল্প নিয়েও আলোচনা চলছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তাণ্ডব’ সিনেমার একটি দৃশ্য শেয়ার করে নিজের ফিল্ম ইউনিভার্সে আফরান নিশোকে স্বাগত জানান রায়হান রাফী। এরপর থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা।

চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকের ধারণা, ‘তাণ্ডব’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কিস্তিতে গুরুত্বপূর্ণ কোনো চরিত্রে দেখা যেতে পারে নিশোকে।

যদিও নতুন সিনেমাগুলোর মুক্তির সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি, সংশ্লিষ্ট সূত্র বলছে, চলতি বছরেই একাধিক প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা এবং শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বড়পর্দায় আফরান নিশোর নতুন অধ্যায় দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad