আগামী চারদিন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো গ্রাহক এক হাজার টাকার বেশি লেনদেন করতে পারবেন না।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাকার অপব্যবহার রোধে এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ রোববার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
তাতে বলা হয়েছে, আসন্ন নির্বাচনে এমএফএস ও এনপিএসবির আওতাধীন আইবিএফটির মাধ্যমে পিটুপি লেনদেনে অপব্যবহার রোধে আজ রাত ১২টা থেকে আগামী বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তি হিসাবের এ সীমা নির্ধারণ করা হয়েছে।
হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ বার এ ধরনের লেনদেন করতে পারবেন। ফলে দৈনিক সর্বোচ্চ লেনদেনের সীমা দাঁড়াবে ১০ হাজার টাকা।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্বাচন উপলক্ষ্যে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারের নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে হবে।
এ সময় সব ধরনের লেনদেন সার্বক্ষণিক এমএফএস প্রোভাইডারদের নিবিড় পর্যবেক্ষণের আওতায় আনতে হবে এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে।
তবে, মার্চেন্ট পেমেন্ট বা ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে এমএফএস লেনদেনে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
একইসঙ্গে আগামী চারদিন পিটুপি ইন্টারনেট ব্যাংকিং, আইবিএফটির মাধ্যমে লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে এবং এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলো নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা দেবে।


