জাওয়াদ ঝড়ে নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

জাওয়াদ ঝড়ে নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
৬৮ বলে ৭০* রানের ইনিংসে জাওয়াদের স্কয়ার কাট। ছবি: এসিসি
Advertisement
Advertisement

আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড লক্ষ্য তাড়া করে দারুণ জয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার নেপালের বিপক্ষেও প্রত্যাশিত জয় পেয়েছেন বাংলাদেশের যুবারা। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে নেপালের দেয়া ১৩১ রানের লক্ষ্য জাওয়াদ আবরারের ৬৮ বলে ৭০* রানের ঝকঝকে ইনিংসে  ৭ উইকেট হাতে রেখে পেরিয়ে গেছে বাংলাদেশ। মোহাম্মদ সবুজ, সাদ ইসলামের দারুণ বোলিংয়ের দিনে ১৫১ বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছেড়েছেন আজিজুল হাকিম তামিমরা। 

১৩১ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২৯ রানে প্রথম দুই উইকেট পড়লেও ধারাবাহিকতা ধরে রেখেছেন ওপেনার জাওয়াদ। আগের ম্যাচে ৯৬ রান করেও শেষ পর্যন্ত উইকেটে থাকতে না পারলেও এই ডানহাতি নেপাল ম্যাচে মাঠ ছেড়েছেন দলকে জিতিয়ে। ৭ চার ও ৩ ছক্কায় ৬৮ বলে অপরাজিত ছিলেন ৭০ রানে। দারুণ এই ইনিংসের পথে তৃতীয় উইকেটে কালাম সিদ্দিকির সাথে গড়েছেন ৯২ রানের জুটি। সেই জুটিতেই ম্যাচে জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। কালামের ব্যাট থেকে এসেছে ৬৬ বলে ৩৪ রানের ইনিংস। এরপর রিজান হোসেন খেলেন ৮ বলে ১২* রানের ইনিংস।

ওপেনার রিফাত বেগ আউট হয়েছেন ব্যক্তিগত ৫ রানে অভিষেক তিওয়ারির বলে নিশ্চইল শেত্রির হাতে ক্যাচ দিয়ে। রান আউট হয়েছেন অধিনায়ক তামিম।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৪০ রানে ওপেনিং জুটি পেলেও সবুজ আর সাদ জুটির বোলিংয়ে আর মাত্র ৪১ রান যোগ করতেই ৬ উইকেট হারায় নেপাল। সেই চাপ আরো বাড়ে তামিমের স্পিনে দলের দুই সর্বোচ্চ স্কোরার অভিষেক তিওয়ারি আর আশিস লুহারের বিদায়ে। সর্বোচ্চ ৩০ রান আসে আশিসের ব্যাট থেকে। অভিষেক করেন ২৩ রান। তিন উইকেট নেন সবুজ, তামিমের সাথে দুটি করে উইকেট পেয়েছেন সাদ ও শাহরিয়ার।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ১৭ ডিসেম্বর শ্রীলংকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad