গ্ল্যামার গার্ল বিদ্যা সিনহা মিম প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির কোনো প্রজেক্টে। ১৩ ডিসেম্বর নাম চূড়ান্ত না হওয়া চরকি অরিজিনাল ফিল্মে চুক্তিবদ্ধ হন অভিনেত্রী। এটি পরিচালনা করছেন কাজী আসাদ। নির্মাতা এর আগে মোশাররফ করিমকে নিয়ে ওয়েব সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ নির্মাণ করেছিলেন।
নির্মাতা আসাদ জানান, এটি ইমোশনাল একটা গল্প। চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হবে। তিনি বলেন, ‘বিদ্যা সিনহা মিম আমাদের ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী এবং গ্ল্যামারাস অভিনেত্রী। সচরাচর তাকে গ্ল্যামার লুকেই দেখি। কিন্তু মজাটাই ওখানে যে, তাকে কীভাবে ভেঙে নতুন ধরনের চরিত্রের মাধ্যমে দর্শকদের সামনে হাজির করা যায়। আমরা সেই চ্যালেঞ্জটা নিয়েছি। আশা করছি দর্শকরা আমার কথা মিলিয়ে নিতে পারবেন।’
১৩ ডিসেম্বর দুপুরে চরকি কার্যালয়ে চুক্তি স্বাক্ষর করেন বিদ্যা সিনহা মিম। এসময় চরকির পক্ষে উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি।

এদিকে চুক্তিবদ্ধ হয়েই স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত হয়ে পরেছেন অভিনেত্রী। কারণ গল্পটা তার ভালো লেগেছে। এই গল্পের কারণেই বেশ কিছুদিন ধরে কাজ করছেন না মিম। জানালেন, গল্প বা কাজের প্রস্তাব তো অনেক আসে, কিন্তু গল্প বা আনুষাঙ্গিক বিষয়গুলো ভালো লাগে না জন্য কাজ করছেন না অভিনেত্রী।
মিম এ সিনেমায় কেমন চরিত্রে অভিনয় করবেন তা নিয়ে কোনো আভাস দেননি। জানিয়েছেন, গল্পে একটা দারুণ কিছু হবে, আর সেটা হবে তার চরিত্রের জার্নির মধ্য দিয়ে।
ফিল্মটির গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু, কাজী আসাদ এবং নির্মাতার সঙ্গে এর চিত্রনাট্য করেছেন আসাদুজ্জামান আবীর । ফিল্মটিতে এরইমধ্যে যুক্ত হয়েছেন আরও গুণী সব অভিনয়শিল্পী। সময়ের সঙ্গে সঙ্গে তাদের নামও ঘোষণা করা হবে বলে জানিয়েছে চরকি।


