ভারতে নিরাপত্তা শঙ্কায় এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় শঙ্কা ছিল র্যাংকিংয়ে বাকি দলগুলোর তুলনায় পিছিয়ে পড়ার। সম্ভাবনা ছিল ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসরে খেলতে বাছাইপর্ব খেলারও। তবে বুধবার আনুষ্ঠানিক ঘোষণায় আইসিসি জানিয়েছে, আগামী বিশ্বকাপে সরাসরিই খেলতে পারবে বাংলাদেশ।
দুই স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড-সহ আগামী বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা মোট ১২টি দলের নাম প্রকাশ করেছে আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে।
ভারত ও শ্রীলংকায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ দল হিসেবে ‘এ’ গ্রুপ থেকে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান। এর আগে একই গ্রুপ থেকে সুপার এইটে গিয়েছে ভারত। ‘বি; গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ‘সি’ গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এবং ‘ডি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সাথে জায়গা নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের। এই আট দল সরাসরি খেলতে পারবে আগামী বিশ্বকাপে।
এদিকে অস্ট্রেলিয়া সুপার এইটে জায়গা না পেলেও স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে মূলপর্বে। নিউজিল্যান্ড সুপার এইটে না উঠলেও একইভাবে খেলতে পারত আগামী বিশ্বকাপে। বাকি দলগুলো নির্ধারিত হয়েছে র্যাংকিংয়ের ভিত্তিতে। আগামী ৯ মার্চ পর্যন্ত আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ের কাট অফ ডেইট।
এর মধ্যে এবারের বিশ্বকাপে না খেলা বাংলাদেশ ও সুপার এইটের দৌড় থেকে ছিটকে যাওয়া আফগানিস্তান ও আয়ারল্যান্ড আছে ভালো অবস্থানে। কারণ আগামী ৯ মার্চ বিশ্বকাপ ফাইনালের পরদিন ঘোষিত হতে যাওয়া টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এই তিন দলের অবস্থান বদলাবে না বলেই জানিয়েছে আইসিসি।
সেই হিসেবে নিশ্চিত করেছে আগামী বিশ্বকাপের মূলপর্বের টিকিট। আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নবম অবস্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২৩। ২২১ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে আফগানিস্তান ও আয়ারল্যান্ড দ্বাদশ অবস্থানে আছে ২০০ রেটিং পয়েন্ট নিয়ে। ২০ দলের টুর্নামেন্টের বাকি ৮ দল নির্ধারিত হবে. আঞ্চলিক বাছাইপর্ব শেষে।


