৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটির শিক্ষা ও গবেষণা সেল বলছে, শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ, লাঠিচার্জ বা টিয়ারশেল নিক্ষেপসহ যেকোনো সহিংসতা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং রাষ্ট্রীয় সংস্থার জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীরা কয়েক দফায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে তাদের সমস্যার কথা তুলে ধরায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। তবে পিএসসি ও সরকারের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও শিক্ষার্থীদের যৌক্তিক দাবির কোনো সমাধান মিলেনি।
এনসিপির মতে, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত পিএসসি ও সরকার চাকরিপ্রার্থীদের সবচেয়ে বেশি অবমূল্যায়ন করেছে। দেশের মেধাবী তরুণ–তরুণীরা জাতির ভবিষ্যৎ সম্পদ উল্লেখ করে দলটি বলেছে, তাদের যৌক্তিক দাবি শোনার প্রথম পদক্ষেপ হওয়া উচিত সংলাপ, দমন নয়।
এ ধরনের হামলায় শিক্ষার্থীদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয় এবং রাষ্ট্রের প্রতি আস্থা ক্ষুণ্ন হয়, যা কোনোভাবেই কাম্য নয়। জাতীয় নাগরিক পার্টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে দ্রুত আলোচনায় বসে তাদের যুক্তিযুক্ত দাবি বিবেচনার আহ্বান জানিয়েছে।
শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে দেশের সব গণতান্ত্রিক শক্তিকে মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে দলটি।


