আইসিসির সাথে দর কষাকষি, দফায় দফায় বৈঠকের ফলাফল অবশেষে পেয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কায় ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অটল থেকে উল্টো বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ার মুখে পড়েছে বাংলাদেশ। বুধবার দেড় ঘণ্টার এক ভার্চুয়াল বৈঠক শেষে বিসিবিকে আইসিসি জানিয়েছে, সরকারের সাথে আগামী এক দিনের মধ্যে আলোচনা করে চুড়ান্ত সিদ্ধান্ত জানাতে।
সাথে আইসিসি আরো জানিয়েছে, ভারতে শেষ পর্যন্ত খেলতে না গেলে বাংলাদেশের বদলে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করবে তারা। এই অবস্থায় আইসিসির দিকে তাকিয়ে রীতিমতো মিরাকলের অপেক্ষায় আছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বুধবার বিসিবুই কার্যলয়ে বসেই আইসিসির সাথে বৈঠকে অংশ নেন বুলবুল। বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সের বাইরে। সেখানেই তিনি বলেন, ‘আইসিসির কাছ থেকে একটা মিরাকলের অপেক্ষায় আছি। বিশ্বকাপে কে না খেলতে চায় বলুন।’
আইসিসির সাথে সভায় বাংলাদেশের কোনো দাবিই ধোপে টেকেনি। পূর্ণ সদস্য দেশগুলোর ভোটেই আইসিসি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভারতে না গেলে তাদের বদলে স্কটল্যান্ডকে সুযোগ দেয়ার। সেই প্রসঙ্গে বুলবুল বলেন, ‘এটা ঠিক আমাদের অনুরোধ আইসিসি রাখেনি। আর আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে যা বলেছে, এরপর আসলে আমাদের বলার আর কিছু থাকে না। আমরা আমাদের কারণগুলো দেখিয়েছি, কিন্তু ভোটিংয়ে পিছিয়ে পড়েছি।’
চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে ২৪ ঘণ্টা সময় বেধে দিয়েছ আইসিসি। সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে আলোচনা করে শুক্রবার রাতের মধ্যেই সিদ্ধান্ত জানানোর কথা বিসিবির। যদিও সরকারের ওপর বিশ্বকাপ খেলার জন্য চাপ সৃষ্টি করতে চান না বুলবুল। তবে সোজা জবাবে জানিয়ে দিয়েছেন, নিজেদের আগের সিদ্ধান্তেই অটল থাকছেন তারা।
বিসিবি সভাপতি বলেন, ‘তারা ২৪ ঘণ্টা সময় দিয়েছে আমাদের। আমি সরকারের ওপর আলাদা কোনো চাপ দিতে চাই না। আমরা জানি ভারত আমাদের জন্য নিরাপদ না, যে কারণে শ্রীলংকায় খেলতে চেয়েছি। তবুও আমরা সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলব এরপর আইসিসিকে জানাব।’


