জাতীয় নির্বাচন ও রমজান মাসকে সামনে রেখে ২০২৬ সালের ফেব্রুয়ারির পরিবর্তে চলতি বছরের ডিসেম্বরে অমর একুশে বইমেলা আয়োজনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা স্থগিত হয়েছে।
নতুন তারিখ ঘোষণা না হলেও বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর মেলার আয়োজন করা হবে।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর বাংলা একাডেমিতে ২০২৬ এর বইমেলার তারিখ নির্ধারণী সভা শেষে জানানো হয়, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে। ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে মেলা চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।
বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা শুরু হয়। ভাষার মাস হিসেবে ফেব্রুয়ারির যে আবেদন, তার সঙ্গে বইমেলা জড়িত। দীর্ঘদিন ধরে যেহেতু ফেব্রুয়ারিতেই বইমেলা হয়ে আসছে, ফলে লেখক, প্রকাশক ও পাঠকদের এক ধরনের প্রস্তুতি থাকে। ডিসেম্বরে মেলা হলে সবাই এক ধরনের সমস্যার মুখে পড়বেন বলেও আওয়াজ ওঠে।
এরই মধ্যে রোববার দেওয়া বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি সময় স্থগিতের কথা জানায়।
সেখানে বলা হয়, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বরের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, “অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।” বাপুস ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা-২০২৬ এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল তা স্থগিত করা হলো। প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী, পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে।’


