আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই: ডিসি-এসপিদের সিইসি

আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই: ডিসি-এসপিদের সিইসি
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি
Advertisement
Advertisement

দেশের ক্রান্তিলগ্নে আসা দায়িত্ব পালন করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাবদিহি করতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, এই দায়িত্ব সবাই মিলে পরিপালন করতে হবে। আইনের শাসন কাকে বলে, তা দেখিয়ে দিতে হবে।

মঙ্গলবার সকাল ১০টায় ঢাকায় ইসি সচিবালয়ের অডিটরিয়ামে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপারসহ (এসপি) মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে একথা বলেন সিইসি।

স্বাগত বক্তব্যে নাসির উদ্দিন বলেন, ‘দেশের বর্তমান অবস্থা আপনারা সবাই জানেন। এই ক্রান্তিলগ্নে আমাদের ওপর যে দায়িত্ব এসে পড়েছে, তা যদি আমরা সঠিকভাবে পালন করতে ব্যর্থ হই, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাবদিহি করতে পারব না।’

‘এই দেশটাকে সঠিক অবস্থায় রেখে দেওয়ার দায়িত্ব আমাদের।’ উল্লেখ করে ডিসি-এসপিদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ভালো কাজ করলে, আমি ভালো থাকি। আর আপনারা যদি ভালো না থাকেন, যদি ভালোভাবে কাজ না করেন, আমার ঘুম হারাম।’

আরও পড়ুন

সিইসি বলেন, ‘যে গুরুদায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে, এই দায়িত্ব সবাই মিলে পরিপালন করব। এখানে কোন রকমের বিচ্যুতি ঘটবে না এবং আপনারা সবাই সঠিকভাবে, সঠিকসময়ে কাজটা করবেন।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আইনের শাসন কাকে বলে, আমরা দেখিয়ে দিতে চাই। বলা হচ্ছে, আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, দুঃসাহস করে একটা ম্যানেজ ইলেকশন করেছি। এই অপবাদ থেকে মুক্তি চাই। আমরা প্রমাণ করতে চাই, আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি। একমাত্র আইনের শাসনের মাধ্যমেই তা সম্ভব। সুতরাং আপনারা আইনের শাসনটা নিশ্চিত করবেন। সবার জন্য সমানভাবে তা প্রয়োগ করবেন।’

বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক সমন্বয়, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad