ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ জানাতে মঙ্গলবার তাকে তলব করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, গত ২০ ডিসেম্বর ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসভবনের বাইরে হওয়া দুঃখজনক ঘটনা এবং ২২ ডিসেম্বর শিলিগুঁড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে বিভিন্ন উগ্রপন্থীদের চালানো ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানাতে তাকে তলব করা হয়।
এ ছাড়া ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রাঙ্গণের বাইরে সহিংস বিক্ষোভের ঘটনায়ও বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
কূটনৈতিক স্থাপনার সামনে এমন পূর্বপরিকল্পিত সহিংসতা বা ভীতিপ্রদর্শনের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ বলেছে, এসব ঘটনা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলে না, বরং পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষুণ্ন করে।
এ সব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার প্রত্যাশা করে, আন্তর্জাতিক ও কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে কূটনৈতিক কর্মী ও স্থাপনাগুলোর মর্যাদা ও নিরাপত্তা সুরক্ষায় ভারত সরকার অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবে।
এর আগে গত ১৪ ডিসেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে বসে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য প্রচারের অনুমতি দেওয়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে উদ্বেগ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে ঢাকার দাবি প্রত্যাখ্যান করে ভারত।
এরপর ১৭ ডিসেম্বর নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাতে ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারকে তলব করা হয়।


