নোয়াখালীর চাটখিল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজম উদ্দিনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার আব্দুল মান্নানের দুই মেয়ে রোকেয়া (৯) ও রহিমা (৭)।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে ঘরের পাশের পুকুরে গোসল করতে যায় দুই বোন। একপর্যায়ে ছোট বোন রহিমা ঘাট থেকে পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বড় বোন রোকেয়াও ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
পরে ওই বাড়ির বেলাল নামের এক ব্যক্তি পুকুরে গোসল করতে গিয়ে রহিমার মরদেহ ভাসতে দেখেন। বাড়ির লোকজন পুকুর থেকে দুই বোনকে উদ্ধার করলেও ততক্ষণে তারা মারা যায়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ‘নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


