চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নতুন সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাবিবউল্লাহ খালেদ। সভাপতি পদে বহাল রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহীম হোসেন রনি।
বুধবার শাখার সদস্য সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য শাখার এই আংশিক সেটআপ ঘোষণা করা হয়।
সভায় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ ইব্রাহীম হোসেন রনিকে সভাপতি হিসেবে বহাল ঘোষণা করেন এবং সেক্রেটারি মনোনয়নের জন্য সদস্যদের পরামর্শ চান। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে সভাপতি ইব্রাহীম হোসেন রনি শাখা সেক্রেটারি হিসেবে হাবিবউল্লাহ খালেদকে মনোনীত করেন।
হাবিবউল্লাহ খালেদ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষণায় অধ্যয়নরত। এ ছাড়া জুলাই আন্দোলনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
সেক্রেটারি মনোনীত হওয়ার পর প্রতিক্রিয়ায় হাবিবউল্লাহ খালেদ বলেন, ‘আমাদের কাছে সাংগঠনিক দায়িত্ব আল্লাহর দেওয়া এক বিশেষ আমানত। সবার দোয়া চাই, আল্লাহ অর্পিত এ দায়িত্ব সহজ করেন। আমরা সবাইকে নিয়ে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে একটি সুন্দর ক্যাম্পাস গড়তে চাই। জুলাই আন্দোলনের মাধ্যমে ক্যাম্পাসে যে সহাবস্থানের রাজনীতি ফিরে এসেছে, সেটি আরও সুদৃঢ় করতে চাই। শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা এটিকে আরও সুদৃঢ় করার চেষ্টা করব।’


