ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় লাইনচ্যুত হওয়া আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের তিনটি বগি প্রায় ১৫ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে সরিয়ে নেওয়া হয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কারের কাজ চললেও ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উদ্ধারকাজ সম্পন্ন হয় বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্র জানায়, বুধবার রাত পৌনে ১১টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস গৌরীপুর জংশন স্টেশনে ইঞ্জিন পরিবর্তনের পর পুনরায় যাত্রা শুরু করে। স্টেশনের আউটার সিগন্যাল অতিক্রম করার সময় বিকট শব্দে ট্রেনটির তিনটি কোচ লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পর লাইনচ্যুত বগিগুলো স্টেশন এলাকায় রেখে রাত ১২টা ২৫ মিনিটে ট্রেনটির বাকি অংশ চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে দেওয়া হয়।
পরে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় চেষ্টার পর বৃহস্পতিবার দুপুরে লাইনচ্যুত তিনটি বগিই উদ্ধার করা সম্ভব হয়। তবে তখনও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চলছিল।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, লাইনচ্যুত বগিগুলো স্টেশনে রেখে ট্রেনটির অবশিষ্ট অংশ গন্তব্যের উদ্দেশে পাঠানো হয়েছিল।
ময়মনসিংহ স্টেশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) হাবিলদার গোলাম মওলা জানান, কম্পিউটারভিত্তিক রিলে ইন্টারলকিং সিস্টেমে ত্রুটির কারণে লাইন ক্লিয়ার না হওয়ায় দুর্ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধারকাজ শেষ হয়েছে এবং বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।


