নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ২০২৪ সালের ৫ আগস্টে থানা থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার হাইজাদী এবং ব্রাহ্মন্দী ইউনিয়নের সংযোগস্থল কলাগাছিয়া ও নোয়াদ্দা গ্রামের মাঝামাঝি একটি কচুরিপানায় ভরা খাল থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
জানা গেছে, স্থানীয় এক মৎস্য শিকারি খালে মাছ ধরতে নেমে কচুরিপানার ভেতরে অস্ত্রটি দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। তাদের মাধ্যমে খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন ও এসআই অজিত চন্দ্র বর্মণ। তাদের সঙ্গে পুলিশ সদস্য ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন। পরে খাল থেকে শটগানটি উদ্ধার করা হয়।
ওসি আলাউদ্দিন জানান, উদ্ধার করা অস্ত্রটি ৫ আগস্ট থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের একটি। অস্ত্রের গায়ে থাকা নম্বরের সঙ্গে লুণ্ঠিত অস্ত্রের তালিকার নম্বরের মিল পাওয়া গেছে। ওই এলাকায় আরও অস্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির আওতায় লুণ্ঠিত ও অবৈধ সব অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।


