বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজের প্রায় ২৩ ঘণ্টা পর পর্যটক মোহাম্মদ সোহানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মোহাম্মদ সোহানের বাড়ি ঢাকার মিরপুর এলাকায়।
লামা পর্যটন হোটেল, মোটেল ও রিসোর্ট মালিক সমিতির সভাপতি সাদেকুল মাওলা ধ্রুব জানান, বৃহস্পতিবার লামায় বেড়াতে আসেন দুই বন্ধু সোহান ও শাকিল। তারা স্থানীয় হোয়াইট পিক স্টেশন রিসোর্টে একটি কক্ষ ভাড়া নেন। ওইদিন দুপুর দেড়টায় রিসোর্টের পাশ দিয়ে বয়ে যাওয়া মাতামুহুরী নদীতে গোসলে নামলে সোহান পানিতে ডুবে যান।
এ সময় লামা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দিনভর চেষ্টা করেও সোহানের কোনো সন্ধান পায়নি। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে শুক্রবার সকাল থেকে নদীতে অনুসন্ধান শুরু করে। প্রায় ২৩ ঘণ্টা পর মরদেহটি উদ্ধার করে ডুবুরি দলের সদস্যরা।


