আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার ভোরে রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল আয়োজনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। অবশ্য দলীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকলেও অজয় কর খোকনকে সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে দেখা যায়নি।
তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা, বা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত কোনো ঘটনায় তিনি জড়িত ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
অজয় কর খোকন ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি আওয়ামী লীগের মূল রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।
২০১৪ সালে তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তবে দলের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাননি। এরপর স্বতন্ত্র প্রার্থী হওয়ার চেষ্টা করলেও নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে দেয়।


