গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে আগুনে নেভাতে গিয়ে দগ্ধ আরও এক ফায়ার কর্মী মারা গেছেন। তার নাম মোহাম্মদ নুরুল হুদা। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বুধবার দুপুর পৌনে দুইটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে একই ঘটনায় দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০) মঙ্গলবার বিকালে মারা যান। দুজনের শরীরই শতভাগ দগ্ধ ছিল।
এ দুর্ঘটনায় আরও দুজন দমকল কর্মী ফায়ার অফিসার জান্নাতুল নাঈম এবং ফায়ার ফাইটার জয় হাসান আহত হন। তাদের মধ্যে জান্নাতুল নাঈম ৪২ শতাংশ দগ্ধ নিয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। জয়ের শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।
আগুনে দগ্ধ হয়েছেন গোডাউনের কর্মচারী আল আমিন বাবুও। তিনি ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।
গত সোমবার বেলা সাড়ে ৩টার দিকে টঙ্গীর সাহারা মার্কেটের পাশে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। ওই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানর পর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে গিয়ে টঙ্গী ফায়ার স্টেশনের চারজন ফায়ার কর্মী ও কারখানার একজন কর্মচারী দগ্ধ হন।


