দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নারী (৭০) ও অন্যজন পুরুষ (৬৫)। এ নিয়ে চলতি বছরের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৫ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, আরেকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আরও জানানো হয়, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৬২ রোগী। এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৩৬৭ জনে।
তাদের মধ্যে ২৬০ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এ ছাড়া ঢাকা বিভাগে ১৭০ জন, ময়মনসিংহ বিভাগের ৪১ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, খুলনা বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, রংপুর বিভাগে দুই জন, বরিশাল বিভাগে ১২৯ জন এবং সিলেট বিভাগে এক জন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৬২০ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯১১ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৭০৯ জন।
চলতি বছরের মাসওয়ারি পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ ও আগস্টে ১০ হাজার ৪৯৬।
সেপ্টেম্বর মাসে সর্বাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত এক মাসে ১৫ হাজার ৮৬৬ জন ভর্তি ও ৭৬ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসের বুধবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হন ১৫ হাজার ২৫ জন এবং মারা গেছেন ৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, ২০০০ সাল থেকে বাংলাদেশে সরকারিভাবে ডেঙ্গুর পরিসংখ্যান সংরক্ষণ শুরু হয়। তবে, ২০২৩ সালে সবচেয়ে ভয়াবহ ছিল। ওই সময় তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন। যার মধ্যে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।


