এক সময় ছোট পর্দার পরিচিত মুখ ছিলেন মাহমুদুল আরিফিন খান (সজীব)। সর্বশেষ তাকে দেখা গেছে নির্মাতা মাসুম শাহরিয়ার পরিচালিত একটি নাটকে। ব্যক্তিগত জীবনে তিনি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ-এর বড় ভাই।
অভিনয় থেকে সরে এসে তিনি একপর্যায়ে ফিরে যান নিজ গ্রাম ভালুকায়, ময়মনসিংহে। কৃষির প্রতি টান থেকেই বেছে নেন ভিন্ন এক জীবনধারা। শহরের ব্যস্ততা ছেড়ে গ্রামীণ সরলতায় নিজেকে নতুনভাবে গড়ে তোলেন তিনি।
তবে পর্দা থেকে দূরে থাকলেও সৃজনশীলতা থেমে থাকেনি। নিয়মিত লিখেছেন, গান নিয়েও কাজ করেছেন। এখন জীবনের এই পর্যায়ে এসে আবারও অভিনয় ও নির্মাণে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
একই সঙ্গে ছোট ভাই শুভর সংগ্রামের কথাও তুলে ধরেন মাহমুদুল আরিফিন। তার ভাষায়, ‘শুভর মতো পরিশ্রম ইন্ডাস্ট্রিতে খুব কম মানুষই করেছে।’
সম্প্রতি এসব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন একটি ভিডিও সাক্ষাৎকারে। ভালুকা থেকে ঢাকায় এসে দেওয়া সেই সাক্ষাৎকারে নিজের অভিনয় ছাড়ার সিদ্ধান্ত, কৃষিজীবনের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।


