গেল বছরই দীপ্ত টেলিভিশন করেছিল ‘স্টার হান্ট’ প্রতিযোগীতা। দেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অভিনয়শিল্পীদের, অভিনয় প্রতিভা খোঁজার রিয়েলিটি শোটি থেকে উঠে এসেছে এক ঝাঁক শিল্পী। তারা আবারও অভিনয়শিল্পী খোঁজা শুরু করেছে। তাদের এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘দীপ্ত তারার খোঁজে’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, এ শোয়ের মাধ্যমে চ্যানেলটির নতুন ধারাবাহিক নাটক ‘পরম্পরা’র বিভিন্ন চরিত্রের জন্য শিল্পীদের বাছাই করা হবে। একই সঙ্গে অনুষ্ঠানটি দেশজুড়ে থাকা অভিনয়প্রতিভাদের জন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
এতে অংশ নিতে হলে Parampara.deepto.tv ওয়েব ঠিকানার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
‘পরম্পরা’ ধারাবাহিকটি নির্মাণ করবেন আশিস্ রায়। লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যথাক্রমে আফিফা মোহসিনা অরণি ও সরোয়ার সৈকত। পারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব ও ভালোবাসার গল্পে ভর করে নির্মিত ‘পরম্পরা’ প্রচারিত হচ্ছে শনি-বৃহস্পতি প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে দেখা যাবে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে।


