সারা দেশের স্কুল-কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সংগঠনটি এ প্রতিবাদ কর্মসূচি পালন করে।
সংগঠনটির কার্যকরী সদস্য সিয়াম মাহমুদ বলেন, বৃহৎ উন্নয়ন প্রকল্প এবং সরকারি দপ্তরে বিদ্যুৎ ও জ্বালানির অপচয়ের দায় সাধারণ শিক্ষার্থীদের ওপর চাপানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, অনলাইন ক্লাস শিক্ষার্থীদের সৃজনশীল ও মননশীল শিক্ষাচর্চার পরিপন্থি। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তিনি।
শিক্ষা ও গবেষণা সম্পাদক ইমরান হাসান শুভ বলেন, আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি সংকট তৈরি হলেও তা মোকাবিলায় কার্যকর কৌশল গ্রহণে সরকারের উদ্যোগ দৃশ্যমান নয়। বরং শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্তকে তিনি জনমনে বিভ্রান্তি সৃষ্টির প্রচেষ্টা হিসেবে আখ্যা দেন।
এদিকে সংগঠনের সভাপতি অদ্রি অংকুর বলেন, জ্বালানি সংকট একটি রাষ্ট্রীয় ও কূটনৈতিক ইস্যু। এর সমাধান হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রাধিকারভিত্তিতে অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।


