ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে ৪টি আসনে নির্বাচনী সমঝোতা করেছে বিএনপি।
এর মধ্যে নীলফামারী- ১ আসনে মাওলানা ম. মনজুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী, সিলেট- ৫ আাসনে মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক ও ব্রাহ্মণবাড়িয়া -২ মাওলানা জুনায়েদ আল-হাবীবকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ ঘোষণা দেন।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী উপস্থিত ছিলেন।
সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে দুই দফায় বিএনপি ২৭২ আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বাকি ২৮ আসনের মধ্যে ৪টিতে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে সমঝোতা হলো। দলটির নির্বাচনী প্রতীক হচ্ছে ‘খেজুর গাছ’। এই প্রতীকেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেবে তারা।
সালাহউদ্দিন আহমদ বলেন, জমিয়তের সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছে বিএনপি। পরস্পরের আসনে প্রার্থী দেবে না বিএনপি ও জমিয়ত।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে তারা যেন সম্পূর্ণভাবে তাদেরকে সহযোগিতা করেন। যারা ভোটার আছেন ওই সমস্ত এলাকায় তারা খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন।’


