নেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যস্ততা, ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফের সদস্য; সবাই পেয়ে গেছেন অপ্রত্য্যাশিত দীর্ঘ ছুটি। আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের আগে নেই আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। তবে তাই বলে বসে থাকারও খুব বেশি সুযোগ নেই ক্রিকেটারদের। বিশ্বকাপের সময়টায় যেন অলস বসে থাকতে না হয়, সেজন্য আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টের আগে রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে ফিটনেস ক্যাম্প।
জাতীয় দলের তিন ফরম্যাটের দলে থাকা ক্রিকেটারদের নিয়ে বেলা ১১টা থেকে শুরু হওয়া ফিটনেস ক্যাম্প চলেছে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত। মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ-সহ আরো অনেকেই ছিলেন ফিটনেস সেশনে। মূলত রানিংয়েই জোর দেয়া হয়েছে ক্যাম্পের প্রথমদিন।
নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তের পর ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে শনিবার আড়াই কোটি টাকা প্রাইজমানির টুর্নামেন্টের ঘোষণা দেয় বিসিবি। টুর্নামেন্টের তিন দলে ধুমকেতু একাদশের নেতৃত্বে লিটন দাস, দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও দুরন্ত একাদশের দায়িত্বে থাকছেন আকবর আলী। যদিও এখনো ঘোষণা হয়নি পূর্ণাঙ্গ দল। জানা গেছে, জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি ‘এ’ দল ও এইচপি থেকে ক্রিকেটারদেরও নেয়া হবে এই টুর্নামেন্টে।
আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ম্যাচ, পর্দা নামবে ৮ ফেব্রুয়ারি। সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর সাথে প্রতি ম্যাচে ডেতে বিকাল ৪টায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
দর্শকদের জন্য থাকছে এই টুর্নামেন্ট গ্যালারিতে বসে দেখার সুযোগ। সর্বনিম্ন ১০০ টাকায় কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। নর্দান ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিট মূল্য ২০০ টাকা। ক্লাব হাউজ ৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১০০০ টাকা।
একইসাথে কোচিং প্যানেলও ঘোষণা করেছে বিসিবি। লিটনের ধুমকেতুর হেড কোচের দায়িত্বে থাকছেন মোহাম্মদ সালাহউদ্দিন ও সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশে মিজানুর রহমান বাবুলের সহকারী হিসেবে কাজ করবেন তুষার ইমরান। আকবরের দুরন্ত একাদশে থাকছে হান্নান সরকার ও রাজিন সালেহ।


