ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯৫ জনে। একই সময়ে নতুন করে ৭৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যু হয়েছে বলে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ১৫৬ জন।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২১ জন, বরিশাল বিভাগে ১১৬, চট্টগ্রামে ৯৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৫, রাজশাহীতে ৫৭, খুলনায় ৩৯, ময়মনসিংহে ৩৫, রংপুরে ১৪ এবং সিলেটে চারজন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত মোট ১৯৫ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, ৯৩ জন। এ ছাড়া বরিশালে ২৯ জন, ঢাকা উত্তরে ২৬, চট্টগ্রামে ২৩, রাজশাহীতে ১০, ময়মনসিংহে ছয়, খুলনায় পাঁচ এবং ঢাকা বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।


