মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাটুরিয়া দিক থেকে ঢাকার উদ্দেশ্যে একটি পরিবহন গাড়ি আসছিল। এ সময় একটি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে গাড়িটিকে অতিক্রম করার চেষ্টা করে। ঠিক তখনই ঢাকার দিক থেকে মোটরসাইকেলে পাটুরিয়ার দিকে যাচ্ছিলেন মোনায়েম খান (৪০) ও তার স্ত্রী জোসনা আক্তার। সংকীর্ণ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় মোটরসাইকেল চালক মোনায়েম খান ও তার স্ত্রী জোসনা আক্তার গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোনায়েম খান। জোসনা আক্তারকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
নিহত মোনায়েম খান ঢাকার দক্ষিণখান এলাকার চালাবন মাটির মসজিদ এলাকার বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনার পর পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


