জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
ভূমিকম্পে ভেঙ্গে পড়া একটি রেলিং। ছবি: এপিে লাইভ থেকে নেওয়া।
Advertisement
Advertisement

জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার বিকালে আঘাত হানা এ ভূমিকম্পের পর কুমামোতো প্রদেশের পশ্চিম উপকূল এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা।

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কুমামোতো অঞ্চলে, যা রাজধানী টোকিও থেকে প্রায় ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পের পর সর্বোচ্চ ১ মিটার উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলেন।

তিনি জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতির হিসাব এবং প্রয়োজনে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সরকার একটি টাস্কফোর্স গঠন করেছে। একই সঙ্গে সম্ভাব্য আফটারশকের আশঙ্কায় ক্ষতিগ্রস্ত এলাকায় সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের সরকারি স্থাপনা বা অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

দেশটির পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, কাছাকাছি তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি।

নিরাপত্তার স্বার্থে কিউশু অঞ্চলের শিনকানসেন বুলেট ট্রেনসহ স্থানীয় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণে বিমান পাঠিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ভূমিকম্পের কারণে প্রায় ৪০ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে কিউশু ইলেকট্রিক পাওয়ার। ভূমিকম্পের পর কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি প্রদেশে জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad