দিনাজপুরের সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে পুশইন করার সময় এক নারীসহ চারজনকে শুন্য রেখা থেকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হলে এখন পর্যন্ত ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কোনো সাড়া পাওয়া যায়নি।
বিজিবি জানায়, শনিবার সকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আকিরাপুর দাইনুর সীমান্তের ৩১৫ নং মেইন পিলারের কাছ দিয়ে এক নারীসহ চারজন বাংলাদেশে প্রবেশ করছিল।
এ সময় বিজিবি বিষয়টি দেখতে পেয়ে তাদেরকে বাধা দেয়। ফলে তারা আর বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। পুশ ইনকৃত ৪ জনকে দাইনুর বিওপির শূন্য রেখায় রাখা হয়েছে। ৪ জনের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। পুরুষদের মধ্যে একজন প্রতিবন্ধী রয়েছে।
ওই চারজনই বাংলাদেশী নাগরিক বলে জানিয়েছে বিজিবি। তারা হলেন খুলনা সদর উপজেলার দৌলতপুর কারিকারপাড়া এলাকার মাসুদ মোল্লার ছেলে বাবুল মোল্লা (৫০), তার স্ত্রী সুখী মোল্লা (৩৫), তাদের সন্তান মোহাম্মদ জিহাদ মোল্লা (১৫) এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচ কামনে গ্রামের মৃত. তোরাব মোল্লার ছেলে গণি মোল্লা (৩৫)।
বিজিবির একটি সূত্র জানায়, গত দুই বছর আগে বাংলাদেশি চারজন নাগরিক কাজের সন্ধানে ভারতে গিয়েছিল এদের মধ্যে একই পরিবারের তিনজন এবং অন্য পরিবারের একজন। পরবর্তীতে বাংলাদেশে আসার সময় ভারতের পুলিশের হাতে তারা গ্রেপ্তার হয় এবং সেখানে দুই মাস কারাবরণ করেন।
ফুলবাড়ী ২৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।


