চ্যানেল আই নিয়ে আসছে ফোক গানের নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’ (I Folk Fever) নামে ঐহিত্যবাহি লোকসংগীতে আসর। যেখানে সংগীতের লিজেন্ড এবং নতুন প্রজন্মের শিল্পীরা একসঙ্গে পারফর্ম করবেন। অনুষ্ঠানটির মোট ২৩টি পর্ব প্রচারিত হবে।
সম্প্রতি সাবিনা ইয়াসমিন তার পর্বের রেকর্ডিং সম্পন্ন করেন চ্যানেল আই স্টুডিওতে। তিনি পাঁচটি বিখ্যাত ফোক গানে কণ্ঠ দিয়েছেন।
সাবিনা ইয়াসমিন বলেন, পল্লীগীতি, লোকসংগীত তো আমাদের সবার প্রাণের গান। এর আগে কখনও একটা অনুষ্ঠানে এতগুলো ফোক গান কখনই গাওয়া হয়নি। পাঁচটি গান করেছি। সবগুলো গান গাওয়ার সময় ভীষণ উপভোগ করেছি। এমন অনুষ্ঠানের আয়োজন করার জন্য চ্যানেল আইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই জাহাঙ্গীর সাঈদকে। সে আমাকে ডাকার পর খুশী হয়েছি।
সাবিনা ইয়াসমিন ছাড়াও যেসব শিল্পীরা আলাদাভাবে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন তারা হলেন রফিকুল আলম, খুরশিদ আলম, কনকচাঁপা, ফেরদৌস আরা, সালমা, লিজা, লুইফা, সাগর দেওয়ান, আলেয়া বয়াতি, আক্কাস দেওয়ান, কাজল দেওয়ান, ঝিলিক, মুক্তা সরকার, পারভেজ, আশিক, আকাশ মাহমুদ, নকুল কুমার বিশ্বাসসহ অনেকে।
শিগগির চ্যানেল আইতে প্রচার হবে ‘আই ফোক ফিভার’; প্রযোজনা করছেন ইফতেখার মুনিম আহসান, পরিকল্পনা করেছেন জাহাঙ্গীর সাঈদ।
চ্যানেল আই এর উদ্যোগ বাংলার লোকসংগীতকে আরও বিস্তৃতভাবে প্রচার করবে এবং লোকসংগীতের সমৃদ্ধতাকে তরুণ প্রজন্মের হাতে তুলে দিতে সহায়তা করবে এমনটাই মন্তব্য করেছেন অনুষ্ঠান সংশ্লিষ্টরা।


