ঢাকাই চলচ্চিত্রের বর্ষীয়ান নির্মাতা এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাতে রাজধানীর বেগুনবাড়ী মোড় থেকে হাতিরঝিল গোলচক্কর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অর্পুব রানা। তিনি জানান, নিকেতনে নিজের বাসায় ফিরছিলেন এফ আই মানিক।
বেগুনবাড়ী মোড় পার হয়ে হাতিরঝিল গোলচক্কর থেকে নিকেতন সড়কে প্রবেশের সময় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
অর্পুব রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এফ আই মানিকের বাম হাত ভেঙে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষত রয়েছে। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরই নির্মাতার শারীরিক অবস্থার বিস্তারিত জানা যাবে। শরীরের অন্য কোনো হাড় ভেঙেছে কি না, সেটিও চিকিৎসকদের পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া সম্ভব হবে।
এফ আই মানিক নব্বইয়ের দশক থেকে দুই হাজার দশকের শুরুর সময় পর্যন্ত ঢাকাই চলচ্চিত্রে একের পর এক ব্যবসাসফল সিনেমা নির্মাণ করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে স্বপ্নের বাসর, কোটি টাকার কাবিন, চাচ্চু ও দাদীমা।
চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০১১-১২ মেয়াদের নির্বাহী কমিটির মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


