সাবিনা ইয়াসমিন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় গেয়েছিলেন ‘এই মন তোমাকে দিলাম’। ৪৪ বছর পর গানটি আবার নতুন করে ব্যবহৃত হয়েছে ঈদের সিনেমা ‘দম’-এ।
গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আনোয়ার পারভেজ। ’দম’ সিনেমার জন্য নতুন করে নির্মিত গানটির শিরোনামও ‘এই মন তোমাকে দিলাম’। তবে এতে যুক্ত হয়েছে নতুন কিছু কথা, যা লিখেছেন তন্ময় পারভেজ। নতুন এ গানের সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি।
১১ মার্চ দুপুরে রাজধানীতে একটি স্টুডিওতে হয় গানটির রেকর্ডিং। এই নতুন সংস্করণে সাবিনা ইয়াসমিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মোমিন বিশ্বাস। রেকর্ডংয়ের ফাঁকে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, ’নতুন এই গানটা আমার ভালো লেগেছে বলেই কাজটা করছি। তাছাড়া নতুনদের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে।’
রেকর্ডিং শেষে তিনি ‘দম’ সিনেমার অভিনয়শিল্পী আফরান নিশো ও পূজা চেরির অভিনয়েরও প্রশংসা করেন এবং সিনেমাটির সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান।
সিনেমায় গানটি ব্যবহারের প্রাসঙ্গিকতা নিয়ে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘এই মন তোমাকে দিলাম’ গানটা এখন আর শুধু একটা গান না, এর সঙ্গে একটা জাতির অনুভূতি, ভালোবাসা, স্মৃতি, আনন্দ–বেদনা জড়িয়ে আছে। ‘দম’ সিনেমাটাও এমন। যে গল্পটা দর্শকদের নানা রকম অনুভূতিকে স্পর্শ করে যাবে।
নির্মাতা আরও জানান, গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল এবং মেয়ে দিঠি আনোয়ার অত্যন্ত আনন্দের সঙ্গে সিনেমাটিতে গানটি ব্যবহারের অনুমতি দিয়েছেন, গান রেকর্ডিংয়ের সময় তারা উপস্থিত ছিলেন এবং পুরো টিমের জন্য শুভকামনা জানিয়েছে।
‘দম’ এর প্রযোজক শাহরিয়ার শাকিল জানালেন, সিনেমায় রোমান্টিক গানের পরিকল্পনা করার সময় তাদের গানটির কথা মাথায় আসে এবং সেখান থেকেই কাজের শুরু। তিনি বলেন, ‘কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ার ২০ হাজার গান লিখেছেন। যার মধ্যে সাবিনা ইয়াসমিন গেয়েছেন ৮ থেকে ১০ হাজার গান। আমরা ভাবলাম এই অনবদ্য জুটিটাকে কীভাবে আমরা শ্রোতাদের সামনে হাজির করতে।
’দম’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা–আই এবং চরকি। ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনে দম সিনেমাটি মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরে। রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদের, রবিউল আলম রবি।


