আদর্শ শিক্ষক ও সঠিক শিক্ষার অভাবে সমাজে নৈতিক অধঃপতন ঘটছে এবং মাদকের প্রসার বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণের ঘাটতি থাকায় টেকসই শিক্ষা নিশ্চিত করা যাচ্ছে না। একই সঙ্গে শিক্ষকদের মধ্যে থেকে উৎসর্গ করার মানসিকতা হারিয়ে যাওয়ার কারণে দেশের শিক্ষাব্যবস্থা নিম্নগামী হচ্ছে। শিক্ষকরা প্রাজ্ঞ ও অভিজ্ঞ না হলে শিক্ষার্থীরা কোনোভাবেই আলোকিত মানুষ হতে পারবে না।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্কুল ফিডিং কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কিছু অসাধু ঠিকাদার উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার সরবরাহ করছে, যা অত্যন্ত দুঃখজনক। যারা এই কোমলমতি শিশুদের খাবারে অনিয়ম করছে এবং নিম্নমানের খাবার দিচ্ছে, তারা মানবতার শত্রু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি প্রতিটি শ্রেণিকক্ষে অন্তত পাঁচ মিনিট নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ নিয়ে আলোচনা করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই যথেষ্ট নয়, ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক, দায়িত্বশীল ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বিশেষ কমিটির সভাপতি ম. হামিদুর হক মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন।


