ঢাকর বনানীর কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হায়দার হোসেন (৩৫) নামে এক বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজন ও সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকাল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত হায়দারকে হাসপাতালে নিয়ে আসা তার ভগ্নিপতি শুক্কুর গাজী জানান, তারা ডেসকো কোম্পানিতে একই সঙ্গে চাকরি করেন। হায়দার সহকারী লাইনম্যান। তারা ৪-৫ মিলে বনানী কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিলেন। কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে হায়দার বিদ্যুৎস্পৃষ্ট হন।
তিনি আরও জানান, হায়দারের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার পূর্ব ফুলহার গ্রামে। তার বাবার নাম মো. মোহসিন ফরাজি। বর্তমানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে উত্তর বাড্ডায় থাকতেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানা তদন্ত করছে।


