হবিগঞ্জে চা শ্রমিকের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

হবিগঞ্জে চা শ্রমিকের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন
Advertisement
Advertisement

হবিগঞ্জের চুনারুঘাটের দেউন্দি চা বাগানের শ্রমিক আশালতা গোয়ালার (৬০) ওপর সম্প্রতি নৃশংস হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন চা শ্রমিকরা।

শনিবার সকাল ১১টায় দেউন্দি চা বাগানের ফ্যাক্টরির সামনে আয়োজিত মানববন্ধনে বাগানের নারী-পুরুষসহ বিপুলসংখ্যক চা শ্রমিক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আশালতা গোয়ালার ওপর সংঘটিত নৃশংস হামলার ঘটনায় দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, এ ধরনের বর্বরোচিত ঘটনার সুষ্ঠু বিচার না হলে শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বৃদ্ধি পাবে। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।

এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও স্লোগান প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘আশালতার বিচার চাই’, ‘বিচার চাই, প্রতিশোধ নয়’, ‘দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চাই’ এবং ‘দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে’।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবু নিপেন পাল, নারী সংগঠনের নেত্রী খাইরুন আক্তার, চা শ্রমিক প্রতিনিধি উজ্জ্বল দাশ, ইউপি সদস্য কার্তিক বাক্তি এবং লস্করপুর ভ্যালির ছাত্র, যুবক ও নারী চা শ্রমিকরা।

মানববন্ধন শেষে শ্রমিকরা আশালতা গোয়ালার ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad