ঢাকার সোয়ারীঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৭২ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪ হাজার ৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে চকবাজার থানাধীন বুড়িগঙ্গা নদী তীরবর্তী সোয়ারীঘাট এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাগলা বিশেষ অভিযান পরিচালনা করে।
তল্লাশিকালে পরিত্যক্ত অবস্থায় এই বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় পলিথিনের প্রকৃত মালিককে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা পলিথিন পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা।


