নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে যাওয়ার পথে ১৪ যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনায় তিন ভাইবোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন পরিবারের বাবা হেলাল উদ্দিন (৫৫)।
উদ্ধার হওয়া তিনজন হলেন হেলাল উদ্দিনের ছেলে সজীব (২৪) ও সামিন (৫) এবং মেয়ে সামিয়া (১৭)। শুক্রবার রাতে ও শনিবার সকালে মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে দুর্ঘটনার পরপরই রায়েশা বেগম (৫৫) নামে আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। অর্থাৎ এ নিয়ে এই দুর্ঘটনায় মোট ৪ জনের মরদেহ উদ্ধার করা হলো।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামই এলাকায় আমান সিমেন্ট কারখানাসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটি ডুবে যাওয়ার পর স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলও উদ্ধার অভিযান চালায়।
শুক্রবার বিকালে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রলারে থাকা দুটি গরু ও একটি ছাগল উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ হেলাল উদ্দিনের স্ত্রী শিরিন বেগম (৪৫) ও তার আরেক মেয়ে লামিয়া আক্তারকে ট্রলার ডুবির পরই জীবিত উদ্ধার করে স্থানীয়রা। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকার সাজিয়া আক্তার ও শিশিরের বিয়েতে অংশ নিতে কুমিল্লার হোমনা থেকে স্বজনেরা একটি ট্রলারে করে সোনারগাঁয়ের হাড়িয়া এলাকায় আসছিলেন। মেঘনা নদী পার হওয়ার সময় বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলারটি ডুবে গেলে যাত্রীরা পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা অন্য একটি ট্রলার নিয়ে কয়েকজনকে উদ্ধার করেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান দিগন্ত রায়েশা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ জাহেদ চৌধুরী বলেন, ‘দুপুর দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তবে আমরা খবর পাই বিকেল ৪টা ৫০ মিনিটে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। নিখোঁজের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চলছে।’


