ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
প্রায় ৪৮ ঘণ্টা পর তাকে ল্যাব এইড হাসপাতালের লাইফ সাপোর্ট থেকে বের করে আনা হয়েছে বলে জানিয়েছেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।
মঙ্গলবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে মাজহারুল ইসলাম বলেন, সৈয়দ মনজুরুল ইসলামের ফুসফুসের সংক্রমণ কিছুটা কমায় চিকিৎসকেরা তার লাইফসাপোর্ট সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, ‘তার রক্তচাপ নিয়ন্ত্রণে আছে। তিনি করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে আছেন ‘
চিকিৎসক ও পরিবারের পক্ষ থেকে হাসপাতালে ভিড় না করতে শুভানুধ্যায়ীদের অনুরোধ করা হয়েছে বলেও জানান মাজহারুল ইসলাম।
গত শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এই শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। পরে তার একটি স্টেন্টিংও করা হয়।
সৈয়দ মনজুরুল ইসলামের জন্ম ১৯৫১ সালে সিলেট জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে উচ্চ শিক্ষার জন্য যান কানাডা।
দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতা করেছেন তিনি। ২০২৩ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক করা হয়।


