জাতীয় ঐকমত্য কমিশন (এনসিসি) জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচিত বিষয়সমূহ পর্যালোচনার জন্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে।
এরই অংশ হিসেবে মঙ্গলবার এক ভার্চ্যুয়াল আলোচনা সভার আয়োজন করে এনসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার কমিশন আবারও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসবে।
আলোচনায় অংশ নেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট শরিফ ভূইয়া, ব্যারিস্টার ইমরান সিদ্দিক এবং ব্যারিস্টার তানিম হোসেইন শাওন।
এ সভায় ৫ অক্টোবরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠকে আলোচিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
এ সময় জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন সংক্রান্ত বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া, সনদ বাস্তবায়নে প্রস্তাবিত গণভোটের প্রক্রিয়া নিয়ে বিশদ আলোচনা হয় বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
কমিশনের পক্ষে আলোচনায় অংশ নেন সহ-সভাপতি আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান এবং মো. আইয়ুব মিয়া।
এ ছাড়া জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও আলোচনায় অংশ নেন।


