শামীম ওসমানের দুই সন্তানের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

শামীম ওসমানের দুই সন্তানের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের
ইমতিনান ওসমান অয়ন ও লাবীবা জোহা অঙ্গনা
Advertisement
Advertisement

সম্পদ বিবরণী দাখিল না করায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দুই সন্তানের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন ও মেয়ে লাবীবা জোহা অঙ্গনার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। তাদের সম্পদ বিবরণী চাওয়া হয় কিন্তু তারা তা না দেওয়ায় দুর্নীতি দমন আইনের-২০০৪ এর ২৬(২) ধারায় মামলার সিদ্ধান্ত হয়।

দুদক সূত্র জানায়, গত ২৬ আগস্ট অয়ন ও অঙ্গনার নামে থাকা সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করে দুদক। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা কোনো সম্পদ বিবরণী দাখিল করেননি। এমনকি সময় বৃদ্ধির জন্যও আবেদন করেননি।

দুর্নীতি দমন আইনের ২৬ ধারার ২ উপধারায় বলা হয়েছে, কমিশন কোনো তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালানোর জন্য যে কোনো ব্যক্তির সম্পদ বিবরণী চাইতে পারে। কিন্তু সেটি না পেলে কিংবা জমা দেওয়া বিবরণীর তথ্য মিথ্যা প্রমাণ হলে, ওই ব্যক্তি তিন বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড কিংবা উভয়দণ্ডে দণ্ডিত হবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে নারায়ণগঞ্জ শহরে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালান শামীম ওসমান ও তার অনুসারীরা। পরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে শামীম ওসমান সপরিবারে দেশ ছাড়েন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর