নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁদপুরের দুটি সংসদীয় আসনে বিএনপি ও খেলাফত মজলিসের প্রার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।
প্রার্থীরা হলেন, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপির প্রার্থী ড. মো. জালাল উদ্দিন এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের তোফায়েল আহমদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি জানায় নির্বাচনী অনুসন্ধান কমিটি।
কমিটি জানায়, চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী ড. মো. জালাল উদ্দিনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মতলব উত্তর উপজেলা বিএনপি’গ্রুপে আলমগীর সরকার নামের আইডি থেকে ধানের শীষ প্রতীক সংবলিত ফটোকার্ড পোস্ট করে ভোট চাওয়া হয়, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
অপরদিকে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী তোফায়েল আহমদ গত ১২ জানুয়ারি স্থানীয় দৈনিক পত্রিকা মেঘনা বার্তায় প্রচার চালিয়েছেন।
নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনের নির্ধারিত তারিখের তিন সপ্তাহের আগে যেকোনো ধরনের প্রচার কার্যক্রম নির্বাচনী আচরণবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ অবস্থায় প্রার্থী তোফায়েল আহমদকে আগামী সোমবার বেলা সাড়ে ১১টায় সিভিল জজ আদালত, মতলব (চাঁদপুর)-এ এবং প্রার্থী ড. মো. জালাল উদ্দিনকে একই দিন সকাল ১০টায় সিভিল জজ আদালত, শাহরাস্তি (চাঁদপুর জেলা জজ আদালত ভবন)-এ উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে উভয় প্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
এ বিষয়ে চাঁদপুর-৩ আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সিভিল জজ শম্পা ইসলাম চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এবং চাঁদপুর-২ আসনের কমিটির চেয়ারম্যান সিভিল জজ শুভ ইসলাম মতলব উত্তর ও মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দ্রুত নোটিশ জারির নির্দেশ দিয়েছেন।


