গোলাম নাফিজ হত্যা মামলা: আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গোলাম নাফিজ হত্যা মামলা: আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর ফার্মগেটসহ আশপাশের এলাকায় শহীদ গোলাম নাফিজসহ তিনজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়। এর আগে প্রসিকিউশন আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

অভিযোগের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার মতো উপাদান আছে দাবি করে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ থেকে অংশবিশেষ পড়ে শোনান তিনি। একই সঙ্গে তিনি পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।

শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এ সময় মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জানুয়ারি। এ ছাড়া ২২ আসামির মধ্যে শচীন মৌলিক গ্রেপ্তার হয়েছেন।

প্রসিকিউটর তামিম সাংবাদিকদের জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় কপালে বাংলাদেশের পতাকা বাঁধা একটি ছেলেকে গুলি করার পর রিকশাওয়ালা তাকে নিয়ে যাচ্ছিলেন; ওই ছেলেটিই ছিল গোলাম নাফিজ। তাকে ২০২৪ সালের ৪ আগস্ট ফার্মগেট এলাকায় গুলি করে হত্যা করা হয়।

এই মামলায় ২২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এই মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সঙ্গে, কারা তাদের চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করার নির্দেশ দিয়েছিল সে সাক্ষ্য প্রত্যক্ষদর্শী পুলিশ সদস্যরা দিয়েছেন বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad