মোহাম্মদপুরে ভেজাল ঔষধ ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

মোহাম্মদপুরে ভেজাল ঔষধ ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন ওষুধ এবং ওষুধ তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

মঙ্গলবার ঢাকা উদ্যান রোডের সি ব্লকের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল্লা আল-মামুন (৪২), মো সাজু (৩৩) ও মো সজীব (২৬)।

গোয়েন্দা ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভাগের একটি দল ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সিরাপ, ক্যাপসুল, শ্যাম্পু, ফেসওয়াশ, হাইজিন ওয়াশ, সাবান, পাউডার ও ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভেজাল ওষুধ এবং বিভিন্ন ধরনের প্যাকেজিং সামগ্রী উদ্ধার করা হয়।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ১৯২টি কিডজ ওমেগা লিকুইড ১০০এমএল সিরাপ, ১০০ বক্স ল্যাকটোফ্লেক্স ক্যাপসুল, ৩০টি ফেসি গ্লো ফেস ওয়াশ, ১৫০টি ডিটক্স প্লাস শ্যাম্পু, ৭০টি পিডিয়া ভক্স কিড সিরাপ ও ৩০০ পাতা ওসেয়ার্ক-সিডি ক্যাপসুল। এ ছাড়া রয়েছে পাঁচ কেজি ওরিভা হাপিস সাদা পাউডার, ৫০টি বায়োকেট অ্যাকটিভ শ্যাম্পু, ৮০০টি কিডিকেয়ার সিরাপ প্লাস ১০০এমএল, ৭০টি জিরো ড্যান শ্যাম্পু, ৪০টি কেটকর-জেড শ্যাম্পু ও ১০টি নিউট্রামাইড সিরাপ।

আরও পড়ুন

অভিযানে আরও উদ্ধার করা হয় ইনটা ক্লিন হাইজিন ওয়াশের ১৫০টি খালি মোড়ক, মোড়কবিহীন ৮০ বোতল হাইজিন ওয়াশ, পারমিমাইট সোপের ৩০০টি খালি মোড়ক, স্পিরুয়ার ৮০টি লিফলেট ও ফেসওয়াশের ১০০টি পলিথিন। এ ছাড়া লেবেলবিহীন সিরাপের ৩০০টি বোতল, ৪০০টি সাদা প্লাস্টিকের কৌটা, লেবেলবিহীন ১০০টি সাদা ট্যাবলেট ও সবুজ রঙের ৫০০টি খালি ক্যাপসুলের খোলস উদ্ধার করা হয়।

ওষুধ তৈরির কাজে ব্যবহৃত তিনটি সিলিন্ডার, একটি ফুয়েল লাগানোর মেশিন, দুটি ক্যাপসুল ভরার মেশিন, ১০ কেজি ফুয়েল (পলিথিন), ক্যাপসুল ভরার ছয়টি যন্ত্রাংশ ও লেবেল লাগানোর দুটি ছাঁচও জব্দ করা হয়েছে।

গোয়েন্দা ওয়ারী বিভাগ জানিয়েছে, উদ্ধার করা সামগ্রীর মধ্যে শিশুদের জন্য ব্যবহৃত কয়েকটি সিরাপ ও তরল পণ্যও রয়েছে। ভেজাল ও অনুমোদনহীন এসব ওষুধ শিশুদের জীবন ও স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

ভেজাল ওষুধ কেনাবেচার উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
এসব ভেজাল ওষুধের উৎস, প্রস্তুতকারক ও সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad