ঢাকা মহানগরীতে ক্রমবর্ধমান মশার উপদ্রব নিয়ন্ত্রণে প্রতিদিন তিনবার মশা মারার ওষুধ ছড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মশা নিধন কার্যক্রম আরও কার্যকর ও জোরদার করতে বিশেষ কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।
মঙ্গলবার থেকে মশা নিধনে ওষুধ ছড়ানোর নতুন সময়সূচি কার্যকর হচ্ছে। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীর সই করা এক চিঠির মাধ্যমে নতুন সময়সূচির কথা জানানো হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী সকালে মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইডিং কার্যক্রম পরিচালিত হবে এবং বিকাল ও সন্ধ্যার পাশাপাশি ‘পিক ফ্লায়ট অ্যান্ড অ্যাকটিভিটি টাইম’ অনুযায়ী অঞ্চলভেদে রাতে ফগিং কার্যক্রম পরিচালনা করা হবে।
অঞ্চলভেদে এভাবে দিনে তিনবার মশা নিধন কার্যক্রম পরিচালনার মাধ্যমে মশার প্রজনন ও বিস্তার নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া সাপ্তাহিক ছুটির দিনেও মশা নিধন কার্যক্রম চলবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সব স্বাস্থ্য কর্মকর্তাকে সরেজমিনে অঞ্চলভিত্তিক মশক নিধন টিমগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে কিউআরটি টিমের মাধ্যমে হটস্পটগুলোতে বিশেষ অভিযান পরিচালনা ও কিউলেক্স মশার জন্মস্থান নালা-নর্দমা, স্যুয়ারেজ লাইন, জলাশয়, খাল-বিলের হালনাগাদ তালিকা প্রস্তুত করে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।
ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, বারান্দা, বাড়ির সামনে-পিছনে ও আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা মেনে চলা এবং কোথাও যাতে পানি জমে না থাকে তা নিশ্চিত করার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয় সহযোগিতার অনুরোধ করেছে ডিএনসিসি কর্তৃপক্ষ।


