সরকার ঘোষিত ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ কর্মসূচি সফল করতে এবং জাটকা নিধন প্রতিরোধে চট্টগ্রামে এক বিশাল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড।
বোববার বিকালে কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় এই যৌথ অভিযানে আনুমানিক ৩১২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়। পরে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডাঙ্গারচর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নিষিদ্ধ জাল মজুত করে আসছিল। এই তথ্যের সত্যতা যাচাইয়ে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ওই এলাকার ‘সি হার্ট’ নামক একটি গোডাউনে অভিযান চালানো হয়। তল্লাশিকালে গোডাউন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জালের পাশাপাশি পরিত্যক্ত অবস্থায় থাকা মালিকানাবিহীন দুটি ট্রাক থেকেও প্রচুর অবৈধ জাল জব্দ করা হয়।
অভিযানে সর্বমোট ৩২ লাখ ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসমক্ষে এই বিশাল জালের স্তূপ পুড়িয়ে ধ্বংস করা হয়।
দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং উপকূলীয় এলাকায় যেকোনো অবৈধ কর্মকাণ্ড দমনে নৌবাহিনী ও কোস্ট গার্ডের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


