ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট চাওয়ায় ছাত্রদল নেতা ইমতিয়াজ আলী সুজনকে সংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সুজন খুলনার পূর্ব রূপসা থানা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বহিষ্কারাদেশ পাওয়ার পরে এক ফেসবুক পোস্টে ইমতিয়াজ আলী সুজন বলেন, ‘দলের যেকোনো সিদ্ধান্ত আমার জন্য শিরোধার্য।’
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী কোনরূপ সাংগঠনিক নির্দেশনা না থাকা সত্ত্বেও ডাকসু নির্বাচনের ভোটারদের কাছে অযাচিতভাবে ভোট চেয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খুলনা জেলা শাখার অধীন পূর্ব রূপসা থানা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর বাড়ি গিয়ে ওই শিক্ষার্থীকে ফোন দেন ইমতিয়াজ আলী সুজন। ফোনে নিজের পরিচয় দিয়ে ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলের কথা বলেন তিনি। এরপর ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমের কথা ওই শিক্ষার্থীকে ভোট দিতে বলেন সুজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৪তম কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার।
এবারের নির্বাচনে উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামিম-মায়েদ পরিষদ’, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’, বাম জোট সমর্থিত ‘প্রতিরোধ পর্ষদ’ সহ পূর্ণ ও আংশিক মিলিয়ে প্রায় ১০টি প্যানেল অংশ নিচ্ছে।


