পাঁচ বছর আগে ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী নুরুন্নাহার বেগমকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভোলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. এনায়েত উল্লাহ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত নুরুন্নাহার বেগমকে কারাগারে পাঠানো হয়।
মামলার নথিসূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৩ অক্টোবর রাতে ফরহাদ হোসেন টিটুকে (৪০) তার দ্বিতীয় স্ত্রী নুরুন্নাহার বেগমের ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের বাড়িতে ডাকা হয়। পরদিন সকালে সেখান থেকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে নুরুন্নাহার বেগমসহ ছয়জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে অন্য পাঁচ আসামির বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় কেবল নুরুন্নাহার বেগমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বিচারপ্রক্রিয়া চলাকালে জামিনে থাকা নুরুন্নাহারকে যুক্তি উপস্থাপন শেষে পুনরায় জেলহাজতে পাঠানো হয়েছিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হাবিবুর রহমান জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত এই রায় দেন। এতে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।


