ফিলিস্তিনের ওপর চলমান আগ্রাসন ও নিপীড়ন বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার অফিসিয়াল ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় যেন আন্তর্জাতিক আদালতকে বলে, তারা যেন ফিলিস্তিনিদের ভয়াবহ দমন-পীড়নের শিকার হওয়ার এই সময়ে আর দেরি না করে ঘোষণা করে যে, গাজায় ইসরায়েলি সরকার একটি গণহত্যা চালাচ্ছে।’
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণের পরিকল্পনার নিন্দা জানিয়ে তারেক রহমান বলেন, ‘সম্প্রতি দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনার খবর মিলেছে, যা ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে কার্যত অসম্ভব করে তুলবে। এটি হৃদয়বিদারক।’
তিনি আরও বলেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনের জনগণ, তাদের সংস্কৃতি, জমি ও ইতিহাসের ওপর চলমান জাতিবিদ্বেষ ও আক্রমণ ফিলিস্তিনিদের গণহত্যা এবং পরিকল্পিত জাতিগত নিধনের চেয়ে কম কিছু নয়। এটি জঘন্য।’
তারেক রহমান উল্লেখ করেন, ‘বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময়ই আমাদের ফিলিস্তিনি ভাইবোনদের প্রতি সহিংস ঔপনিবেশিক দমন-পীড়ন ও নিশ্চিহ্ন করার চেষ্টার বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছে এবং গর্বের সঙ্গে তা অব্যাহত রেখেছে।’
মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষ্যে, ইসরায়েলের দমননীতির কারণে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়তে পারে, যা বাংলাদেশিদের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।


