মিরসরাইয়ে ট্রেন-বালুবাহী ট্রাক সংঘর্ষ, দেড় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল

মিরসরাইয়ে ট্রেন-বালুবাহী ট্রাক সংঘর্ষ, দেড় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল
দুর্ঘটনাকবলিত ট্রেন ও ট্রাক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় রেললাইনের ওপর আটকে থাকা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় এক ঘণ্টা ৪০ মিনিট চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তবে দুর্ঘটনার শিকার ট্রাকটি বর্তমানে ডাউন লাইনের ওপর পড়ে থাকায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে আপ-ডাউন উভয় দিকের ট্রেন আপ লাইনের সিঙ্গেল লাইনের মাধ্যমে সীমিত আকারে চলাচল করছে। এ পথেই ৭৮৬ বিজয় এক্সপ্রেস দুর্ঘটনাস্থল পার হয়ে আসে।

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, পাহাড়িকা এক্সপ্রেস সকাল ৭টা ৫০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যায়। সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ট্রেনটি বড়তাকিয়া এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর থাকা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষ হয়। এতে ট্রেনটি ঘটনাস্থলে আটকা পড়ে এবং সাময়িকভাবে রেল চলাচল ব্যাহত হয়।

আরও পড়ুন

দুর্ঘটনার পরপরই ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে আপ লাইন সচল থাকায় চট্টগ্রাম থেকে বহির্গামী কিছু ট্রেন চলাচল অব্যাহত ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পাহাড়িকা এক্সপ্রেসের কয়েকজন যাত্রী জানান, সংঘর্ষের পর ট্রেনটি দীর্ঘ সময় ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজনের সহায়তায় লাইনের ওপর থেকে ট্রাকটি সরিয়ে নেওয়া হলে ট্রেনটি পুনরায় সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল হাসান বলেন, ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষের পর দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। ট্রাকটি সরিয়ে নেওয়ার পর উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, সংঘর্ষে ট্রেনের ইঞ্জিনে সামান্য ক্ষতি হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দ্রুত ট্রাকটি সরিয়ে নেওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনাও এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর