দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে এক হাজার ২৩৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৮১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে বুধবারের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৫ হাজার ১৯৮ জনে ও মোট নিশ্চিত হাম শনাক্তের সংখ্যা ২০ হাজার ২৮২।
একই সময়ে দেশে হামে আক্রান্ত হয়ে মোট সন্দেহজনক মৃত্যু ৯৪৪ জন এবং নিশ্চিত মৃত্যু ১০০ জন রেকর্ড করা হয়েছে।
হাসপাতাল ব্যবস্থাপনা চিত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৪১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এক হাজার ৭৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা এক লাখ ৫৪ হাজার ৪২০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফেরা মোট রোগীর সংখ্যা এক লাখ ৪৮ হাজার ৪৬৫ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগীয় হিসাবে সিলেট বিভাগে সর্বোচ্চ তিনজন, ঢাকা ও বরিশাল বিভাগে দুইজন করে এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
জেলাভিত্তিক তথ্যে দেখা গেছে, ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ, বরিশাল ও ঢাকা জেলায় দুইজন করে রোগী মারা গেছেন।
বিভাগভিত্তিক রোগী শনাক্তের চিত্রে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বাধিক ৪৫০ জন, চট্টগ্রামে ২৭১ জন, সিলেটে ১৯৪ জন, বরিশালে ১১৮ জন, খুলনায় ৯৭ জন, ময়মনসিংহে ৬৩ জন, রাজশাহীতে ২৯ জন এবং রংপুর বিভাগে ১৭ জন সন্দেহজনক রোগী শনাক্ত করা হয়েছে।
অন্যদিকে বিজ্ঞপ্তিতে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬-এর তথ্য উল্লেখ করে জানানো হয়, বিভাগীয় পর্যায়ে এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৫০২ জন লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত এক কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনকে টিকা দেওয়া হয়েছে, যার অর্জিত কাভারেজ ১০৯ দশমিক ৯ শতাংশ। দেশের সিটি কর্পোরেশন এলাকাগুলোতে ১৯ লাখ পাঁচ হাজার ৯৫০ জন লক্ষ্যমাত্রার বিপরীতে ২০ লাখ ৭৬ হাজার ৫৪৮ জনকে টিকা দেওয়া হয়েছে, যার কাভারেজ ১০৯ শতাংশ।


