ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে বিজয়ের আনন্দের সঙ্গে দেখা দিয়েছে নানামুখী প্রত্যাশা, উদ্বেগ এবং বিশ্লেষণমূলক সমালোচনা।
নির্বাচনোত্তর পরিস্থিতিতে আইনশৃঙ্খলা উন্নয়ন, রাষ্ট্রের তিন বিভাগের ক্ষমতার ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং দলীয় পুনর্গঠন এসবই আলোচনার কেন্দ্রবিন্দু।
রাজনৈতিক নেতা, বিশ্লেষক ও পেশাজীবীরা বলছেন, বিজয় উদযাপনই শেষ কথা নয়; আসল চ্যালেঞ্জ হবে প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং প্রাতিষ্ঠানিক স্থিতি নিশ্চিত করা।
প্রাতিষ্ঠানিক ভারসাম্য ও আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা
ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য তারেক আকবর খোন্দকার বলেন, আমাদের দেশে রুল অব ল, অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে নষ্ট হয়ে গেছে। এটাকে আবার ফিরিয়ে আনতে হবে। সেপারেশন অব পাওয়ার নিশ্চিত করতে হবে। এক্সিকিউটিভ, লেজিশলেশন ও জুডিশিয়ারির ক্ষমতা আলাদা থাকতে হবে।
গত ১৬ বছরে এই তিনটি বিভাগের ক্ষমতা মিশে গেছে। ফলে একটার ওপর আরেকটার প্রভাব বিস্তার হয়েছে, যা প্রতিটি ইনস্টিটিউশনকে দুর্বল করেছে। এখন একটার ওপর আরেকটার ক্ষমতা দেখানো চলবে না; প্রতিটি ইনস্টিটিউশন স্বতন্ত্রভাবে কার্যকর হতে হবে।
তিনি আরও বলেন, তরুণ নেতৃত্বকে এগিয়ে আনতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব কমিটি সেভাবে গঠিত হয়নি। কমিটি না হওয়ায় নতুন ও তরুণ নেতৃত্ব উঠে আসেনি। কমিটি গঠনে শুধু শিক্ষিত চিন্তা নয়, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ও সাংগঠনিক দক্ষতাকেও প্রাধান্য দিতে হবে।
ইশতেহার বাস্তবায়ন ও সামাজিক উন্নয়ন
নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন অ্যাজেন্ডা বাস্তবায়ন করা না হলে সবকিছু ভুয়া হবে–এমনই সতর্ক করেছেন তারেক আকবর।
তিনি বলেন, বেকারত্ব দূরীকরণের জন্য প্রশিক্ষণ কেন্দ্র, শিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা ও কার্যকর করা জরুরি। এগুলো যদি বাস্তবায়িত না হয়, জনগণের আস্থা হারাবে।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোহাম্মদ সাইফুল বলেন, সরকার যে জেলে কার্ডগুলো দেয়, সেগুলো যেন প্রকৃত জেলেদের হাতে পৌঁছায়। প্রশিক্ষণের মাধ্যমে নিরাপদ মৎস্য আহরণ নিশ্চিত করতে হবে, যাতে মৎস্য ভাণ্ডার ক্ষতি না হয়। এ ছাড়া জেলেদের সন্তানদের জন্য নিজ তহবিল থেকে ফান্ড গঠন করতে হবে।
রাজনৈতিক সচেতনতা ও চ্যালেঞ্জ
বিজয় সত্ত্বেও, চট্টগ্রামে রাজনৈতিক নেতা ও বিশ্লেষকরা সতর্ক করছেন। তারেক আরও বলেন, ‘বিএনপির অনেক নেতারা সন্ত্রাসী গোষ্ঠী লালন করছে, যা জনগণের মনোবল ভাঙবে। দলের হাইকমান্ডকে মাঠের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে হবে। জামায়াত প্রত্যাশার চেয়ে বেশি ভোট ও সিট পেয়েছে। তাই সচেতন না হলে ভবিষ্যতের নির্বাচনে চ্যালেঞ্জ আরও বৃদ্ধি পাবে।’
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ‘যারা রাষ্ট্র পরিচালনা করবেন, তারা যেন দেশের মানুষের কথা চিন্তা করেন। দায়িত্ব পালন করতে আমাদের কোনো ত্রুটি বা আন্তরিকতার অভাব থাকবে না। রাষ্ট্র মেরামতের কাঠামো ৩১ দফা অনুযায়ী নির্ধারিত। পাঁচ বছরে সবকিছু করা সম্ভব না হলেও ৬০-৭০ শতাংশ বাস্তবায়ন করা সম্ভব। জামায়াতের বেশি ভোট ও সিট পাওয়া গণতন্ত্রের জন্য অ্যালার্মিং। এটি শুধুই জামায়াতের ভোট নয়, অন্যান্য উৎস থেকেও ভোট এসেছে।’
সাংগঠনিক পুনর্গঠন ও নতুন নেতৃত্ব
তারেক আরও উল্লেখ করেছেন, গত ১৬ বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কমিটি গঠিত হয়নি। তাই তরুণ নেতৃত্ব উঠে আসেনি। কমিটি গঠনে নতুন ও তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিতে হবে। মাত্র শিক্ষিত চিন্তা নয়, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ও সাংগঠনিক দক্ষতাই গুরুত্বপূর্ণ।
তিনি সতর্ক করেন যে, হাইকমান্ড যদি মাঠের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে সচেতন না থাকে, তবে বিএনপি ক্ষমতায় থাকলেও আগামী নির্বাচন আরও চ্যালেঞ্জিং হবে।
বিশ্লেষণ: নির্বাচনী বিজয়ই শেষ কথা নয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সফিকুল ইসলাম টাইমসকে বলেন, নির্বাচনে বিজয় শেষ কথা নয়। প্রতিশ্রুতি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারই আগামী দিনের রাজনীতির মূল নির্ধারক হয়ে উঠতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, চট্টগ্রামের নির্বাচনী-পরবর্তী বাস্তবতায় তিনটি বিষয় স্পষ্ট। তা হলো–
প্রাতিষ্ঠানিক ভারসাম্য ও আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা: এক্সিকিউটিভ, লেজিশলেশন ও জুডিশিয়ারি স্বতন্ত্র ও সমন্বিতভাবে কার্যকর হতে হবে।
ইশতেহারভিত্তিক উদ্যোগ গ্রহণ: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারত্ব প্রশিক্ষণ কেন্দ্র, শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম, মৎস্যজীবীদের সুরক্ষা।
সাংগঠনিক পুনর্গঠন ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নতুন সমীকরণ: নতুন ও তরুণ নেতৃত্বকে সুযোগ দেওয়া, মাঠের পরিস্থিতি অনুযায়ী হাইকমান্ডের নির্দেশনা, বিরোধী দলের কর্মকাণ্ড পর্যবেক্ষণ।
নির্বাচনী বিজয়ের মধ্যেও চট্টগ্রামের রাজনীতি এখন প্রত্যাশা, চ্যালেঞ্জ এবং নতুন রাজনৈতিক সমীকরণের সংমিশ্রণ। বিজয় নিশ্চিত হলেও, প্রতিশ্রুতি বাস্তবায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারই আগামী দিনের রাজনীতির প্রকৃত মানদণ্ড।


